আইসিইউতে আব্দুল কাদের, অবস্থা সংকটাপন্ন

485

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো নয়। গতকাল রাত দেড়টার দিকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে তাকে। এ অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবার শরীরটা আগের থেকে খারাপ। তাকে আইসিইউতে নেয়া হয়েছে। সবাই দোয়া করবেন। উন্নত চিকিৎসার জন্য ৮ ডিসেম্বর চেন্নাইতে নেওয়া হয় আব্দুল কাদেরকে। সেখানকার হাসপাতালে পরীক্ষার পর ১৫ই ডিসেম্বর তার ক্যানসার ধরা পড়ে।

আব্দুল কাদের নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র—তিন মাধ্যমেই জনপ্রিয়। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে বদি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন কাদের।