খেলাধুলা ডেস্ক: দলবদলের চুক্তি ভঙ্গের অভিযোগ এনে নেইমারের বিরুদ্ধে মামলা করলো বার্সেলোনা। তার কাছে কাছে ৮.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮১ কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়ে এ মামলা করেছে স্প্যানিশ জায়ান্টরা।
মাত্র ক’দিন আগে ২২২ মিলিয়ন ইউরোতে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে(পিএসজি) পাড়ি জমিয়েছেন নেইমার। এরপর চুক্তি অনুযায়ী, নিজের প্রাপ্য বোনাস বুঝে না পেলে বার্সাকে ফিফার কাঠগড়ায় দাঁড় করানোর হুমুকি দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবার উল্টো তার বিরুদ্ধে বার্সেলোনার শ্রম আদালতে মামলা করলো ক্লাবটি।
বিবিসি জানাচ্ছে, ৯ মাস আগে বার্সেলোনার সঙ্গে ৫ বছরের জন্য চুক্তি নবায়ন করেন নেইমার। আর আগস্টের শুরুর দিকে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি। নতুন চুক্তিতে ওই মাসের আগ পর্যন্ত ৮.৫ মিলিয়ন ইউরো বোনাস নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মূলত সেটাই ফেরত চেয়েছে বার্সা।
বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, চুক্তি মোতাবেক মেয়াদ পর্ণ করেননি নেইমার। তাই সেই অর্থ ফেরত চাই আমরা।
এরই মধ্যে তাগাদা সত্ত্বেও নাকি তা ফেরত দেননি পিএসজি স্ট্রাইকার। তাই বিলম্ব হওয়ায় এর সঙ্গে ১০% সুদও চেয়েছে কাতালানরা। এমনকি তিনি তাতে কর্ণপাত না করলে পিএসজিকে তা পরিশোধের অনুরোধ জানিয়েছে তারা।
পিএসজি জানিয়েছে, এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে তারা। তবে বার্সার এমন কর্মকাণ্ডে হতবাক হয়েছে।
নেইমার যোগ দেয়ায় একের পর এক সাফল্য পাচ্ছে ফরাসি ক্লাবটি। ফরাসি লিগ ওয়ান ফুটবলে অভিষেক ম্যাচে এক গোল করে দলের জয়ে রাখেন অবদান। এরপর রোববার রাতে নতুন ক্লাবের ঘরের মাঠেও জোড়া গোল করে জাদুকরী ফুটবলে দর্শকদের মুগ্ধ করেন সদ্য সাবেক এ বার্সা সুপারস্টার। সেখানে তাকে ছাড়া প্রায় প্রতি ম্যাচেই মুখ থুবড়ে পড়ছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগে হেরে স্প্যানিশ সুপার কাপ খুইয়েছে দলটি।















