ঢাকা সংবাদদাতা: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগরে চলাচলকারী যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে, আগামী ৭ দিনের মধ্যে হাইড্রোলিক হর্ন জাতীয় সব যন্ত্রপাতি বিক্রি ও ব্যবহারকারী প্রতিষ্ঠানের মালামাল জব্দ করার জন্য দরকারি ব্যবস্থা গ্রহণ এবং ২৭ আগস্টের পর যদি কোনো গাড়ি রাস্তায় হাইড্রোলিক হর্ন বাজায়, তাহলে সেই গাড়ি জব্দ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ। এর আগে মঙ্গলবার এ বিষয়ে একটি রিট দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন না মেনে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়েছিল।















