সিলেট সিটির জন্য ৪৯৩ কোটি টাকার বাজেট

783

ঢাকা সংবাদদাতা: সিলেট সিটি করপোরেশনের জন্য চলতি বছর ৪৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার নগরের একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০১৭-১৮ অর্থবছরের জন্য মেয়র আরিফুল হক চৌধুরী এই বাজেট ঘোষণা করেন।

বাজেট বক্তৃতায় মেয়র আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নগরবাসী আবাসন করসহ অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে সিটি করপোরেশনের নিজস্ব খাতে সর্বমোট ৮৩ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকা আয় হবে।’

বাজেটে উল্লেখিত খাত হলো আবাসন কর থেকে ৪৭ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর থেকে আট কোটি টাকা, ইমারত নির্মাণ ও পুনর্নির্মাণের ওপর কর থেকে দুই কোটি টাকা, পেশা ও ব্যবসার ওপর কর আট কোটি ৫০ লাখ টাকা, বিজ্ঞাপনের ওপর কর থেকে এক কোটি পাঁচ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাত থেকে আয় এক কোটি টাকা, পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ দুই কোটি ৮০ আশি লাখ টাকা, নলকূপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি থেকে এক কোটি ৫০ লাখ টাকা প্রভৃতি।

বাজেটে রাজস্ব খাতে সর্বমোট ৪৮ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। এর মধ্যে সাধারণ সংস্থাপন খাতে ২২ কোটি ৯১ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়োপ্রণালি ব্যয় বাবদ আট কোটি ৯০ লাখ, শিক্ষা ব্যয় খাতে এক কোটি ৩৩ লাখ, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান খাতে দুই কোটি ৫৩ লাখ টাকা ধরা হয়েছে। এ ছাড়া পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয়সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্প হাউস, মেশিন, পাইপলাইন মেরামত ও সংস্কারসহ সর্বমোট নয় কোটি ৪৪ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, নারী কাউন্সিলর ছাড়াও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।