আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ওজামিজ শহরের মেয়র রেনালদো পারোজিনগ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার বিরুদ্ধে অবৈধ মাদক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।
মিন্দানাও দ্বীপের ওজামিজ শহরের এই মেয়রকে গ্রেফতারের ওয়ারেন্ট নিয়ে তাকে গ্রেফতার করতে গেলে তার নিরাপত্তা রক্ষীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশ পাল্টা গুলি চালালে মেয়র, তার স্ত্রীসহ মোট ১৪ জন নিহত হয়। তবে পারোজিনগ পরিবারের এক মুখপাত্রের দাবি পুলিশকে একটি গুলিও করা হয়নি।
গত বছরের জুলাইয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরে ফিলিপাইনে ৭ হাজার মানুষ নিহত হয়েছে। দুতের্তের মুখপাত্র এর্নেস্তো আবেল্লা বলেন, আপনাদের যদি মনে থাকে তাহলে জেনে থাকবেন পারোজিনগ পরিবারের নাম অবৈধ মাদক বাণিজ্যের সঙ্গে জড়িতদের তালিকায় ছিল। রেনালদো পারোজিনগের ভাইকেও অভিযানে হত্যা করা হয়। তার মেয়ে এবং শহরের ভাইস মেয়রকেও মাদক সংশ্লিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে রাইফেল, নগদ অর্থ ও অবৈধ মাদক উদ্ধার করা হয়েছে। বিবিসি।















