ট্রাম্পকে অভিশংসনের ভোট আজ

360

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের ভোট আজ বুধবার। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এই ভোট হওয়ার কথা রয়েছে। সেটা হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রে তৃতীয় প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে অভিশংসনে ভোটাভুটি হয়েছে। তবে ভোটের আগেরদিন এ নিয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্রেট ন্যান্সি পেলোসিকে কড়া রাগ নিয়ে একটি চিঠি লিখেছেন ট্রাম্প। এতে তিনি পেলোসিকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের বিরুদ্ধে ওপেন যুদ্ধ ঘোষণার দায়ে অভিযুক্ত করেছেন। মঙ্গলবার লেখা ওই চিঠি পাঠিয়ে দেয়া হয়েছে। এতে পেলোসিকে উদ্দেশ্য করে ট্রাম্প লিখেছেন, আপনি খুব কুৎসিত শব্দ অভিশংসন (ইমপিচমেন্ট) কে সস্তাভাবে গুরুত্ব দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়কে নিজের রাজনৈতিক সুবিধা আদায়ে ব্যবহার করেছেন বলে অভিযোগ আছে। বলা হয়, ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যদি ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত না করেন তাহলে তার দেশকে দেয়া যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ লাখ ডলারের সামরিক সহায়তা বন্ধ করে দেয়ার হুমকি দেন। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে বিচার কাজে বাধা সৃষ্টির অভিযোগ।

এসব অভিযোগে আজ প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথা। এতে ডেমোক্রেটরা বিজয়ী হতে পারেন। কারণ, প্রতিনিধি পরিষদে তারা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু অভিশংসন আটকে যেতে পারে কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে। কারণ, সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। ফলে তারা অভিশংসন সেখানে আটকে দিতে পারেন। এই যখন অবস্থা তখন এ প্রক্রিয়ার বিরুদ্ধে এবং ন্যান্সি পেলোসির নিন্দা জানিয়ে ৬ পৃষ্ঠার চিঠি লিখেছেন ট্রাম্প।