এরা সবাই চোর, এরা কারও ভোটে নির্বাচিত নয়, এদের ধরুন: রব

320

ঢাকা সংবাদদাতা: ৩০ ডিসেম্বরের আগের রাতে দেশে ভোট ডাকাতি হয়েছে, এমন মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ক্যাসিনোর নামে রাজনীতিবিদদের বেছে বেছে না ধরে পার্লামেন্টে যেসব ডাকাত রয়েছে তাদের ধরুন। পুলিশ দিয়ে রাজনীতিবিদদের হয়রানি করে কোনো ফায়দা হবে না।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে জেএসডি ঢাকা মহানগর কমিটি এ সমাবেশের আয়োজন করে।

সরকার দেশটাকে জাহান্নামে পরিণত করেছে, মন্তব্য করে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, তারা দেশটাকে জাহান্নামে পরিণত করেছে। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। সিন্ডিকেটে সবাই আওয়ামী লীগের লোক। এরা কারও ভোটে নির্বাচিত হয়নি। এরা সবাই চোর। এদের ধরতে হবে।

মেগা উন্নয়নের নামে মেগা কমিশন নেয়া হচ্ছে, অভিযোগ করে তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর নামে টেকনিশিয়ান ও আমলাদের চুরি করার পথ সৃষ্টি করে দেয়া হবে।

রব বলেন, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। চাল-ডাল-পেঁয়াজের দাম বেড়েই চলেছে। এ অবস্থায় আবারও বিদ্যুৎ বিল বাড়ানোর পাঁয়তারা করছে সরকার। বিদ্যুতের দাম বাড়ানো হলে ১৮ কোটি মানুষের গায়ে আগুন লেগে যাবে। সেই আগুন শেখ হাসিনার ঘরেও লাগবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেএসডির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী। বক্তব্য রাখেন দলের সহসভাপতি তানিয়া রব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।