সুস্থ হয়ে উঠছেন স্যার ফজলে হাসান আবেদ

471

ঢাকা সংবাদদাতা: ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সুস্থ হয়ে উঠছেন। তাকে শিগগিরই হাসপাতাল থেকে বাসায় স্থানান্তর করা হবে। এর আগে ব্র্যাক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার অসুস্থতার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্যার ফজলে হাসান আবেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পরিবারের সদস্যরা তার পাশে আছেন। স্যার আবেদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে ব্র্যাকের কমিউনিকেশন ও আউটরিচ পরিচালক মৌটুসি কবির গতকাল বলেন, স্যার আবেদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। এদিকে প্রতিষ্ঠানটির গণসংযোগ কর্মকর্তা আদেল গতকাল সন্ধ্যায় জানান, স্যার ফজলে হাসান আবেদের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।তাকে যে কোনো সময় বাসায় নিয়ে যাওয়া হবে।
স্যার আবেদ ৮৩ বছর বয়সে চলতি বছর ব্র্যাকের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন। তাঁকে প্রতিষ্ঠানটির ইমেরিটাস চেয়ার নির্বাচিত করা হয়। ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠা করার পর তা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে ভূমিকা রাখায় স্যার আবেদ বাংলাদেশ ও বিশ্বের অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন। ১৯৮০ সালে ম্যাগসাইসাই পুরস্কার, ২০১১ সালে ওয়াইজ প্রাইজ অব এডুকেশন, ২০১৪ সালে লিও টলস্টয় ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল, স্প্যানিশ অর্ডার অফ সিভিল ম্যারিট, ২০১৫ সালে বিশ্ব খাদ্য কর্মসূচি পুরস্কার অর্জন করেন। সর্বশেষ চলতি বছর তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাউথ এশিয়ান ডায়াসপোরা অ্যাওয়ার্ড, শিক্ষায় ভূমিকা রাখায় ইয়াডান পুরস্কারের জন্য মনোনীত হন।