খেলাধুলা ডেস্ক: জার্মান তারকা সার্জি জিনাব্রির ৪ গোলে টটেনহ্যাম হটস্পারকে গোলবন্যায় ভাসালো বায়ার্ন মিউনিখ। গতকাল রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ‘বি’ গ্রুপের ম্যাচে স্পারদের ৭-২ গোলে বিধ্বস্ত করে জার্মান ক্লাব বায়ার্ন। অথচ নিজেদের মাঠে দ্বাদশ মিনিটে সন হিউং মিনের কল্যাণে এগিয়ে গিয়েছিল টটেনহ্যাম। তিন মিনিট পর জশোয়া কিমিখের গোলে সমতা আনে বায়ার্ন। বিরতির আগে রবার্ট লেভানদোস্কি এগিয়ে নেন বুন্দেসলিগা জায়ান্টদের। বিরতির পর তাণ্ডব চালান জিনাব্রি। ৫৩, ৫৫, ৮৩ ও ৮৮তম মিনিটে গোল করেন তিনি। ৮৭তম মিনিটে লেভানদোস্কি করেন নিজের দ্বিতীয় গোল।
আর মাঝে ৬১তম মিনিটে টটেনহ্যামের হয়ে একটি গোল করেন হ্যারি কেইন।
যেকোনো টুর্নামেন্টে ঘরের মাঠে এটি টটেনহ্যামের সবচেয়ে বড় পরাজয়। আর ১৯৯৫ সালে ইন্টার টেটো কাপে এফসি কোলনের কাছে ৮-০ গোলে হারের পর ইউরোপিয়ান আসরে সর্বাধিক গোল হজম করলো স্পাররা। এছাড়া কোচ মাওরিসিও পচেত্তিনো চ্যাম্পিয়ন্স লীগে সবচেয়ে বড় হারটি দেখলেন। এর আগে ২০১২ সালে রিয়াল মাদ্রিদের কাছে ৫-০ গোলে হারে টটেনহ্যাম।
এদিন ‘সি’ গ্রুপের ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-০ গেলে ডাইনামো জাগরেবকে, ‘ডি’ গ্রুপে জুভেন্টাস ৩-০ গোলে বায়ার লেভারকুসেনকে ও অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে লোকমটিভ মস্কোকে হারায়। জয় পেয়েছে পিএসজিও। ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে তারা হারায় গ্যালাতাসারেকে। তবে রিয়াল মাদ্রিদ হোঁচট খায়। নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করে ক্লাব ব্রুজের সঙ্গে।















