ঢাকা সংবাদদাতা: রাজধানীর মেরুল বাড্ডায় ছুরিকাঘাতে নাসির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঝিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
জানা যায়, ছুরিকাঘাতের পর নাসিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। নাসির মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঝিলপাড় এলাকায় থাকতেন নাসির। রাতে ঝিলপাড়ের আরেক মাদকাসক্ত যুবক আরিফ তার বুকে ছুরিকাঘাত করেন।
পরে খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাসিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।















