ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২

266

ঢাকা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আবদুর রউফ (৭৫) ও মলাই মিয়া (৪৫)।

সোমবার বিকালে সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নে বিলকেন্দাই গ্রামে এ ঘটনা ঘটে।

এর পর রাতেই ঢাকা নেয়ার পথে মলাই মিয়ার মৃত্যু হয়। আজ মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন থেকে আবদুর রউফ মারা যান। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

নিহত আবদুর রউফ সদর উপজেলার দক্ষিণের নাটাই ইউনিয়নের বিলকেন্দাই গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে ও মলাই মিয়া একই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিলকেন্দাই গ্রামের মাস্টারবাড়ি ও খন্দকারবাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সোমবার বিকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় ঢাকায় নেয়ার পথে রাতেই মলাই মিয়ার মৃত্যু হয়। আর আজ মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন থেকে আবদুর রউফের মৃত্যু হয়। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।