বাংলাদেশের বাজে ফিল্ডিং; রান বাড়ছে পাকিস্তানের

480

খেলাধুলা ডেস্ক: ২৫ ওভার পর্যন্ত ধীরেসুস্থে ব্যাট করছিলেন বাবর আজম ও ইমাম-উল হক। এরপর চড়াও হতে থাকেন মোসাদ্দেক-মুস্তাফিজ-সাইফউদ্দিনদের ওপর। তার সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের বাজে ফিল্ডিং। জঘন্য ফিল্ডিংয়ের সঙ্গে আছে ক্যাচ মিসের মহড়া। বাবরের দুই ক্যাচ মিস করেছেন মোসাদ্দেক ও মুশফিক। চড়াও হওয়া বাবর আজমকে শতকের আগেই ফেরানো গেছে ঠিকই, কিন্তু রানরেট ততক্ষণে বেশ ওপরে।

৩৯.৪ ওভার শেষে ২ উইকেটে ২২৮ রান করেছে পাকিস্তান। ইমাম-উল-হক ৯৬, মোহাম্মদ হাফিজ ১৪ রানে ক্রিজে আছেন। সবশেষ ৯৬ রানে সাইফউদ্দিনের বলে আউট হন বাবর আজম।

২৫ ওভারের পর বাংলাদেশের ফিল্ডিং ছিল বেশ দৃষ্টিকটু। মোসাদ্দেকের হাত গড়িয়ে ক্যাচ বের হয়ে গেল। সীমানার বাইরে যখন-তখন বল চলে যাচ্ছে। গা ছাড়া ভাব যেন ধরে ফেলেছে ফিল্ডারদের। বাবর আজমের উইকেটটা পড়ার আগে এমনই অবস্থা হয়ে যায় বাংলাদেশের। পরে অবশ্য পরিস্থিতি বদলাতে শুরু করে। বোলারদের মধ্যে কেবল মিরাজ ছিলেন আলাদা। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করে নজর কেড়েছেন।

ওপেনার ফখর জামানের উইকেটটি নিয়েছেন সাইফউদ্দিন। পয়েন্টে মিরাজকে ক্যাচ দেন ফখর। ৩১ বলে ১৩ রান করে আউট হন তিনি। তিন নম্বরে নেমে এরই মধ্যে অর্ধশতক করেছেন বাবর আজম।

ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে মুখোমুখি হয়েছে এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী। আগের ম্যাচের খেলা বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ।

আজকের ম্যাচ দিয়েই শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। অন্যদিকে নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে যেতে পাকিস্তানকে আজ অসম্ভবকে সম্ভব করতে হবে। তিনশ’র বেশি রানে বাংলাদেশকে হারাতে হবে সরফরাজ বাহিনীকে।

সাম্প্রতিক পরিসংখ্যানে বাংলাদেশ এগিয়ে থাকলেও অতীত নিয়ে মোটেও ভাবতে চান না পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। সেমিফাইনালে যাওয়াটা এখন অসম্ভব সমীকরণ হলেও শেষ ম্যাচ জিতে ২০১৯ বিশ্বকাপ থেকে ফিরতে চায় ’৯২-এর বিশ্বচ্যাম্পিয়নরা।

আজকের ম্যাচের মধ্য দিয়ে শেষবারের মতো বিশ্বকাপে খেলছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম বিশ্বকাপ খেলার পর থেকে (মাঝে ২০১১ বিশ্বকাপ বাদে) এ বছরের ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত ২৪টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী টাইগার অধিনায়ক।

বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস জানিয়েছেন, বিশ্বকাপে মাশরাফির বিদায়ী ম্যাচে আবেগকে নিয়ন্ত্রণ করে জয় পেতে মরিয়া বাংলাদেশ। পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য টাইগারদের।

বিশ্বকাপে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দশক আগের সে ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। ১৯৯৯ সালের সে প্রথম দেখায় খালেদ মাহমুদের অসাধারণ বোলিংয়ে পাকিস্তানকে ৬২ রানে হারায় টাইগাররা।

আজকের ম্যাচটি জিতে মাশরাফিকে বিশ্বকাপের বিদায়ী উপহার দিতে চাইবেন তাঁর সতীর্থরা।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুস্তাফিজুর রহমান

পাকিস্তান একাদশ : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ।