আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কাছ থেকে তেল আমদানি করলে নিষেধাজ্ঞায় পড়তে হবে বলে বিশ্বের দেশগুলোকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ কর্মকর্তা ব্রায়ান হুক হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যে দেশই ইরানের কাছ থেকে তেল কিনবে সে দেশকেই যুক্তরাস্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। খবর ডেইলি সাবাহর।
ইউরোপীয় ইউনিয়নকে সরাসরি হুমকি দিয়ে ব্রায়ান হুক বলেন, বাণিজ্যের জন্য ইউরোপীয় কোম্পানিগুলোকে ইরান অথবা যুক্তরাষ্ট্র যেকোনো এক দেশকে বেছে নিতে হবে।
ইরান তেল রফতানি করে বছরে যে পাঁচ হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করত তা আমেরিকা বন্ধ করে দেবে।
মার্কিন কর্মকর্তারা গত কয়েক মাসে বহুবার বলেছেন, তারা ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনবেন। কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশ আমেরিকার এ ঘোষণার বিরোধিতা করেছে।
চীনসহ আরো কিছু দেশ ইরানের কাছে থেকে তেল আমদানি করার আগ্রহ প্রকাশ করে ইরানের তেল খাতের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে অন্যায় ও বেআইনি বলে অভিহিত করেছে।
এদিকে ইরান বলেছে, দেশটি যখন যতটুকু প্রয়োজন মনে করবে তখন ততটুকু তেল রফতানি করবে কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না।
মূলত ইসরাইল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ছাড়া বিশ্বের আর কোনো দেশ ইরানের তেল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে সমর্থন করেনি।















