খেলাধুলা ডেস্ক: প্রতিপক্ষ দলটি আফগানিস্তান। তাদের বিপক্ষে ভারতের টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত মানে রানের পাহাড় গড়া। অনেকেই এমন ধারণা করলেও কোহলিরা তা পারেননি। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে তারা করে ২২৪ রান।
সাউথাম্পটনে ভারতের এই সংগ্রহে সর্বোচ্চ ইনিংস অধিনায়ক বিরাট কোহলির। তিনি করেন ৬৩ বলে ৬৭ রান। এ ছাড়া কেদার যাদব ৫২, কে এল রাহুল ৩০, বিজয় শঙ্কর ২৯, বিরাট কোহলি ২৮ রান করেন।
মোহাম্মদ নবি ৩৩ এবং গুলবাদিন নাইব ৫১ রানে দুটি করে উইকেট পান। এ ছাড়া রশিদ খান, রহমত শাহ ও মুজিব-উর রহমান একটি করে উইকেট পান।
এর আগে চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে বিরাট কোহলির দল। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে আরেকটি ম্যাচ।
অন্যদিকে এ পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই হেরে গেছে আফগানরা। বিশ্বকাপে কোনো পয়েন্ট না পাওয়া একমাত্র দল আফগানিস্তান। পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে গুলবাদিন নাইবের দল।
ভারতের একাদশে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে আনা হয়েছে মোহাম্মদ সামিকে। অন্যদিকে আফগান একাদশে এসেছে দুটি পরিবর্তন। নুর আলী জার্দান ও দৌলত জার্দানের জায়গায় এসেছেন হযরতুল্লাহ জাজাই ও আফতাব আলম।
ভারতের একাদশ : কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, এম এস ধোনি (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, যুবেন্দ্র চাহাল ও যশপ্রীত বুমরাহ।
আফগানিস্তান একাদশ : হযরতুল্লাহ জাজাই, গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদী, আসগর আফগান, মোহাম্মদ নবি, ইকরাম আল খিল (উইকেট রক্ষক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আফতাব আলম ও মুজিব উর রহমান।















