ভিআইপিরাও সড়কে শৃঙ্খলা মানেন না: কাদের

298

ঢাকা সংবাদদাতা: বেপরোয়া গতির পাশাপাশি সব সময়ই সড়কের রং সাইডে গাড়ি চলে। কার আগে কে যাবে এই প্রতিযোগিতা চলে। আমাদের ভিআইপিরাও সড়কে শৃঙ্খলা মানেন না। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরে মহাসড়ক পরিদর্শন শেষে কড্ডায় সড়ক ও জনপথের (সওজ) সাইট অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা না থাকলে জটলা হয়। রাস্তায় চলাচল করতে হলে কিছু নিয়ম-কানুন মানতে হবে। রাস্তার অভাব নেই। তবে ডিসিপ্লিনের অভাব আছে। ডিসিপ্লিন মানলেই সড়কে স্বস্তি আসবে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। শৃঙ্খলা না ফিরলে মেট্রোরেল, বিআরটিএ ও ফোরলেন দিয়ে কাজ হবে না। সড়কগুলো অবৈধ দখলমুক্ত করতে হবে। এই বিষয়ে উদ্ধার অভিযান চালু করা হবে।

ঈদযাত্রা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ট্র্যাফিক ম্যানেজমেন্ট ভালো রয়েছে। পুলিশও অনেক দায়িত্ব নিয়ে কাজ করছে। সবার প্রচেষ্টায় ঈদযাত্রা স্বস্তিদায়ক।

তিনি আরো বলেন, সামনের দিনগুলোতে সড়ক আরো মসৃণ হবে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রংপুর সড়কে জটলা ছিল না। এবার ঈদযাত্রা ইতিহাসের স্বস্তিদায়ক যাত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রয়োজনীয় উদ্যোগের ফলে এ ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

সড়কমন্ত্রী জানান, ৫০০ ট্রাক ও ৬০০ গাড়ি অচিরেই আসবে। ঢাকা সিটিতে আধুনিক গণপরিবহন চালু করা হবে; যে পরিকল্পনা প্রয়াত মেয়র আনিসুল হক নিয়েছিলেন। এটা বাস্তবায়নে কাজ চলছে।

তিনি বলেন, সড়কে শৃঙ্খল না এলে স্থাপনা দিয়ে সড়কে স্বস্তি আসবে না। সবাইকে ট্র্যাফিক আইন মানতে হবে। ছোট ছোট যানবাহনগুলো বিকল্প পথে চলতে হবে। বিকল্প ব্যবস্থা করতে হবে, এর আগে এগুলো বন্ধ করা যাবে না।