ঢাকা সংবাদদাতা: আজও বাধা আসার পর আদালতের নির্দেশনা হাতে নিয়ে এবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস অালীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। আজ বুধবার সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ফ্লাই করেন।
এরআগে গত রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন যেতে চাইলে সেদিন ইমিগ্রেশন পুলিশের বাধায় ঢাকা ছাড়তে পারেননি তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ইলিয়াস অালীর স্ত্রীর বরাত দিয়ে জানান, আজ সকালেও ১০ টার ফ্লাইটে লন্ডন যেতে চাইলে প্রথমে তাকে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে আদালতের নির্দেশনা দেখালে যেতে দেয়া হয়।
ইলিয়াস আলী ও তাহসিনা রুশদির লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। সেখানে তার আনুষ্ঠানিক সমাবর্তনে উপস্থিত থাকার কথা তাহসিনা রুশদির।















