এখন সবাই পেট ভরে খেতে পারে: তোফায়েল

506

ঢাকা সংবাদদাতা: বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে চলছে দাবি করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এখন সবাই পেট ভরে খেতে পারে। শনিবার দুপুরে ভোলা পৌর আওয়ামী লীগের আয়োজনে শহরের ওয়াদুল হক মহাবিদ্যালয় মাঠে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বর্তমানে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে চলছে। আগে অনেক গরিব মানুষ ছিল, খেতে পারতো না। এখন আর সে অবস্থা নেই। এখন সবাই পেট ভরে খেতে পারে।

তিনি আরো বলেন, এবারের বাজেটে আমরা ৯৩ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করেছি। আগে বাংলাদেশে দারিদ্র্যের সংখ্যা ছিল শতকরা ৪৪ জন। এখন বর্তমানে তা কমে শতকরা ২০/২১ জনে দাঁড়িয়েছে। হতদরিদ্র মানুষের সংখ্যা বর্তমানে ১১ জনেরও কমে দাঁড়িয়েছে। মানুষের অবস্থা বর্তমানে ভালো হচ্ছে। আগে নিষেধাজ্ঞাকালীন সময় জেলেরা ৪০ কেজি করে চাল পেত এখন ৪৪ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির এখন করুণ অবস্থা। এবার নির্বাচনে তাদের বিশাল পরাজয় হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি না আসায় তাদের এ অবস্থা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। এই সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

ভোলায় গ্যাসভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলারও আশ্বাস দেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী।

ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, তোফায়েল আহমেদের মেয়ে তাসলিমা আহমেদ জামান মুন্নি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।