আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের অন্যতম প্রধান শহর লিওনে পার্সেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
গতকাল শুক্রবার স্থানীয় সময় সাড়ে ৫টার দিকে লিওনের ভিক্টর হুগো সড়কের একটি বেকারি দোকানের বাইরে ওই বোমা হামলার ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফরাসি পুলিশ সিসিটিভি থেকে নেওয়া সন্দেহভাজন হামলাকারীর অস্পষ্ট একটি ছবি প্রকাশ করেছে। ওই ব্যক্তির বয়স ৩০-এর মতো হবে বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
নিরাপত্তা বাহিনী জানায়, প্যাকেট বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সে সময় এতে থাকা স্ক্রু, নাট-বল্টু চারপাশে ছিটকে পড়ে। এতে আহত ১৩ জনের মাঝে আট বছর বয়সী একটি বাচ্চা মেয়েও রয়েছে। যদিও তার আঘাত মারাত্মক নয়।
এদিকে এরই মাঝে ঘটনার তদন্ত শুরু করেছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার পর বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে।















