ভাইয়ের গুলিতে ভাই নিহত

721

ঢাকা সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজের বাড়িতেই খালাতো ভাইয়ের গুলিতে নিহত হয়েছেন সাদ্দাম হোসেন(৩০) নামের একজন যুবক।

রোববার সকালে উপজেলার শেখের মাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাদ্দাম শাহ জামালের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম ও তারই সমবয়সী খালাতো ভাই নাটোরের সিংড়া উপজেলার খন্দকার বড় বাড়িয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রিপন(৩০) একই সঙ্গে গেলো শনিবার নন্দীগ্রামের কবি পাড়া গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে যান।

রোববার সকালে রিপনকে সঙ্গে নিয়ে সাদ্দাম তাদের বাড়িতে আসেন। সেখানে বেশ কিছু সময় দু’জন একসঙ্গে কাটান। একপর্যায়ে রিপন তার কাছে থাকা রিভলবার দিয়ে সাদ্দামকে গুলি করেন। ঘটনাস্থলেই মারা যান সাদ্দাম। পালিয়ে যান রিপন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করলেও হত্যার কারণ জানাতে পারেননি।

তিনি জানান, রিপন গ্রেপ্তার করা যায়নি। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তাকে গ্রেপ্তার করা সম্ভব হলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ(শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।