ডেমরায় মসজিদ থেকে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

400

ঢাকা সংবাদদাতা: রাজধানীর ডেমরা থানাধীন ডগাইর নতুনপাড়া এলাকার একটি মসজিদ থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার বিকেল ৫টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির নাম মনির হোসেন (৮)। সে স্থানীয় নূরে মদিনা মাদরাসার শিশু শ্রেণির ছাত্র বলে জানিয়েছে ডেমরা থানা পুলিশ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, শিশুটি গতকাল রোববার থেকে নিখোঁজ ছিল। এবিষয়ে গতকাল রাতে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারাণ ডায়রি করা হয়।

তিনি বলেন, একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে সকালে তার পরিবারের কাছে ছেলের মুক্তিপণ বাবদ কিছু টাকা দাবি করা হয়। বিকেলে মসজিদে একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ বস্তাটি উদ্ধার করে সেখানে শিশুটির মরদেহ দেখতে পায়।

শিশুটির বাবা সাইদুর হক ও মা কল্পনা বেগম। তারা ডেমরার ডগাইর এলাকায় থাকে। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।

ডেমরা থানার এসআই নাজমুল হাসান জানান, শিশুটির শরীরে মারধরের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য শিশু মনিরের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।