আন্তর্জাতিক ডেস্ক:উপসাগরীয় আরব দেশগুলোর চলমান কূটনৈতিক সংকটে কাতারকে সমর্থনের কথা পুনরায় জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবার এরদোয়ান বলেছেন, যদি কাতার সেনা ফিরিয়ে নিতে বলে কেবল তাহলে কেবল তুর্কি সেনাদের প্রত্যাহার করা হবে।
কায়রোতে এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট বলেন, কাতারের সঙ্গে চুক্তির প্রতি আমরা শ্রদ্ধাশীল আছি। কাতার যদি আমাদের অনুরোধ করে তাহলে যেখানে আমরা প্রত্যাশিত নই সেখানে থাকব না।
জুনে এই কূটনৈতিক সংকট শুরু হওয়ার পর তুরস্ক কাতারে সেনা ও খাবার সহযোগিতা পাঠিয়েছে। এটাকে অনেকেই স্থল, আকাশ ও সাগর পথে আরব জোটের কাতার দখলের বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন।
জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসরসহ কয়েকটি দেশ। এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে তা নাকচ করে দেয় দোহা।
কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দুই সপ্তাহ পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আল জাজিরা বন্ধ করে দেওয়াসহ কাতারকে ১৩ দফা শর্ত বেঁধে দেয় চার দেশ। শর্ত পূরণে ১০ দিনের সময়সীমা দেওয়া হয়। সে সময়সীমা শেষ হওয়ার পর ২ জুলাই রবিবার সেই সময়সীমা দুই দিন বাড়ানোর কথা জানায় সৌদি সূত্র। এরইমধ্যে সে সময়সীমা শেষ হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।















