ঢাকা সংবাদদাতা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় জামিন শুনানি ফের ২৪ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমান এ দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া জানান, আজ মামলায় খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। শুনানি শেষে বিচারক ফের ২৪ এপ্রিল জামিন শুনানির দিন ধার্য করেন। এছাড়া ওই দিন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা তামিল প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
গত ২০ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
নথি থেকে জানা যায়,২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে।’
মামলায় বলা হয়, খালেদা জিয়ার এসব বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তেমনি হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণিগত বিভেদও সৃষ্টি করেছে। যা দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারার অপরাধ।
এ ঘটনায় ২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হযে সিএমএম আদালতে মামলা করেন।















