‘ব্রেক্সিট’ কার্যকরে ফের ইউরোপের দরজায় তেরেসা

1646

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকরে ফের দরকষাকষির জন্য বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।

ইউরোপের সঙ্গে প্রথম দফা আলোচনার ফসল ‘ব্রেক্সিট চুক্তি’ পার্লামেন্টে গত মাসে বাতিল হয়ে যায়।

এরপর চুক্তির আইনি বাধ্যবাধকতার পরিবর্তনে ইউরোপীয় নেতাদের ওপর চাপ সৃষ্টি করতে ফের ব্রাসেলস গেলেন তেরেসা।

দ্য গার্ডিয়ান লিখেছে, ব্রেক্সিট বাস্তবায়নের আর মাত্র ৫০ দিন বাকি। কিন্তু এ বিচ্ছেদ চুক্তিহীন হবে নাকি চুক্তিসহ হবে- সে বিষয়ে এখনও অজানা।

চুক্তি নিয়ে নতুন আলোচনা শুরুর আগে ব্রিটিশ এ প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশ আয়ারল্যান্ড সীমান্তের ‘ব্যাকস্টপের ফাঁদে’ আটকে থাকবে না। বিচ্ছেদের পর যুক্তরাজ্য ও ইইউর মধ্যে চুক্তিতে আয়ারল্যান্ড সীমান্তে চেকিংয়ের বিষয়টি এড়ানোই মের এবারের সফরের লক্ষ্য।

২৯ মার্চ ব্রেক্সিট কার্যকরের আগে একটি চুক্তিতে উপনীত হতে পার্লামেন্ট সদস্যদের সম্মতি দরকার প্রধানমন্ত্রীর।