ঢাকা সংবাদদাতা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম ছয় দিন ধরে অবরুদ্ধ। আওয়ামী লীগ প্রার্থীর সশস্ত্র ক্যাডারদের অস্ত্রের মহড়া ও প্রাণনাশের হুমকিতে রোববার থেকে উপজেলার নিজ বাসায় তিনি অবরুদ্ধ রয়েছেন।
অভিযোগ- একই আসনের আওয়ামী লীগ প্রার্থী আয়েশা ফেরদাউস ও তার স্বামী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর ক্যাডাররা ফজলুল আজিমের বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। খণ্ড খণ্ড মিছিল করে তারা উস্কানিমূলক স্লোগান ও হুমকি-ধমকি দিচ্ছে। জীবনের নিরাপত্তা না থাকায় আজিম নির্বাচনী প্রচার, পথসভা ও গণসংযোগ করতে পারছেন না। বিএনপি নেতাকর্মীদের মারধর, ধানের শীষ প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচার কাজে ব্যবহৃত মাইক ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রাণনাশের হুমকি দেয়ায় নেতাকর্মীরা ভয়ে মাঠে নামতে পারছে না।
বিএনপি প্রার্থী ফজলুল আজিম জানান, এ আসনে তিনি পর পর তিনবার এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু বর্তমানে নির্বাচনের কোনো পরিবেশ নেই। ছয়দিন ধরে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তার বাসার সামনে আওয়ামী লীগের ক্যাডাররা অস্ত্রের মহড়া দিচ্ছে, উস্কানিমূলক স্লোগান দিচ্ছে। জীবনের নিরাপত্তা না থাকায় তিনি পৌরসভা, চর কিং, চর ঈশ্বর, সোনাদিয়া, তমরদ্দি, জাহাজমারা, বুড়িরচর ও নিঝুম দ্বীপে গণসংযোগ ও পথসভা করতে পারছেন না। হাতিয়ায় ধানের শীষ প্রতীকের পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না। ধানের শীষের পক্ষে প্রচার কাজে জাহাজমারা ইউনিয়নে চারটি, চর কিং ইউপিতে দুটি মাইক ছিনিয়ে নেয়া হয়েছে। নিঝুম দ্বীপ ইউনিয়নের নামারচর বাজার, রাস্তার বাজার ও বন্দরটিলা বাজারে বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে। ছয় দিনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে।















