সিলেট-৬: মহাজোটে নাহিদ, গ্রিন সিগন্যালের অপেক্ষায় শমসের মবিন

845

ঢাকা সংবাদদাতা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মহাজোট প্রার্থী হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চূড়ান্ত হয়েছেন। প্রার্থিতা চূড়ান্তের পর নাহিদের কর্মী-সমর্থকরা ফুরফুরে থাকলেও জোটের অপর মনোনয়নপ্রত্যাশী বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মুবিন চৌধুরীর কর্মীরা হয়েছেন মনঃক্ষুণ্ণ।

নাহিদের প্রার্থিতা চূড়ান্তের পর এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শমসের মবিন চৌধুরী। এ আসনে মহাজোট থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরপর আওয়ামী লীগসহ জোটের শরিক জাতীয় পার্টি ও বিকল্পধারা থেকে মনোনয়নপত্র জমা দেন তিনজন প্রার্থী।

কেন্দ্রের সঙ্গে জোর লবিংয়ের পাশাপাশি গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এ দুই উপজেলায় দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেন এসব প্রার্থী। বিভিন্ন সময়ে করেন উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ।

শুক্রবার জোটের পক্ষ থেকে এ আসনের বর্তমান এমপি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে চূড়ান্ত করা হয়। জাপা প্রার্থী সেলিম উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্ত বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় তার কর্মী-সমর্থকরা হয়েছেন মনঃক্ষুণ্ণ।

জানতে চাইলে শমসের মবিন চৌধুরী শনিবার যুগান্তরকে বলেন, এখন কিছু বলব না। আমি দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। দেখা যাক কী হয়।

এদিকে প্রার্থিতা চূড়ান্তের পর শনিবার দিনভর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে করেছেন গণসংযোগ।