ক্রিকেটাররা কোথায় ঈদ করছেন

928

খেলাধুলা ডেস্ক: ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এ উৎসবের বাইরে নন বাংলাদেশের ক্রিকেটাররাও। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মিশন শেষে দেশে ফিরেছেন তারা। এ মুহূর্তে খেলা না থাকায় লম্বা ছুটি পেয়েছেন টাইগাররা। তাই বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ এলাকায় ছুটেছেন বেশিরভাগই। আর দশটা মানুষের মতোই ঈদের খুশি উপভোগ করবেন মাশরাফি-সাকিবরা। চলুন জেনে নিই টাইগার ক্রিকেটাররা কে কোথায় ঈদ করছেন-

মাশরাফি বিন মর্তুজা : ক্যাপ্টেন ম্যাশ ঈদ করবেন খুলনার নড়াইলে নিজ গ্রামে। বাবা-মা, স্ত্রী, সন্তানদের নিয়ে সেখানে ঈদ করবেন তিনি।

সাকিব আল হাসান : শোনা যাচ্ছে, বিশ্বসেরা অলরাউন্ডার ঈদ করবেন মাগুরাতে। তবে এখনো তা নিশ্চিত নয়।

মুশফিকুর রহিম : টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এখনো দেশের বাইরে। চ্যাম্পিয়নস ট্রফি শেষে সবাই দেশে ফিরলেও তিনি ইউরোপ সফরে রয়েছেন। শোনা গেছে, পরিবারের সঙ্গে তিনি দেশেই ঈদ করবেন।

তামিম ইকবাল : সস্ত্রীক সিঙ্গাপুর সফরে আছেন বাংলাদেশ ড্যাশিং ওপেনার। তবে ঈদের আগেই দেশে ফিরবেন তিনি। নিজ শহর চট্টগ্রামেই পরিবারের সঙ্গে ঈদ করবেন বাঁহাতি ওপেনার।

তাসকিন আহমেদ : পেস সেনসেশন ঈদ করবেন ঢাকায়। তার বাসা মোহাম্মদপুর। সেখানেই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন তিনি।

মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন : তারা ঈদ করবেন ময়মনসিংহে। নিজ এলাকাতেই সবার সঙ্গে ঈদের খুশি ভাগ করবেন জাতীয় দলের দু’মিডলঅর্ডার ব্যাটসম্যান।
সাব্বির রহমান : সাব্বির রহমান এরই মধ্যে পাড়ি জমিয়েছেন রাজশাহীতে। পরিবারের সবার জন্য কেনাকটা করেছেন ইংল্যান্ডেই। বাবা-মা, আত্মীয়-স্বজন সবার জন্যই কিছু না কিছু নিয়ে এসেছেন। তাদের সঙ্গেই ঈদ উদযাপন করবেন।

নুরুল হাসান সোহান : জাতীয় দলে মুশফিকের বিকল্প এ ক্রিকেটার ঈদ করবেন খুলনায়। ঈদের পরই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। ৩০ জুন তার বিয়ে হবে খুলনা ক্লাবে।

সৌম্য, মুস্তাফিজ, মিরাজ : তিনদিন আগে ঢাকা ছেড়ে খুলনার পথ ধরেছেন সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। তারা নিজ নিজ এলাকায় বাবা-মা, আত্মীয়-স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করবেন।

ইমরুল কায়েস : ইংল্যান্ড থেকে এখনো ফেরেননি এ ক্রিকেটার। স্ত্রীকে নিয়ে সেখানেই শপিং করেছেন তিনি। তবে মেহেরপুরেই বাঁহাতি ওপেনার ঈদ করবেন বলে জানা গেছে।

রুবেল হোসেন : রিভার্স সুইং তারকাও ঈদ করবেন খুলনায়। অবশ্য খুব একটা আনন্দ নিয়ে ঈদ করতে পারছেন না তিনি। তার বাম কান ও চোখের মাঝের স্থানটিতে অস্ত্রোপচার করা হয়েছে। তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

এবার খুলনায় বসছে ক্রিকেটার মেলা। মাশরাফি-সাকিব-মিরাজসহ ন্যাশনাল টিমের ৭/৮ জন যোগ দিতে পারেন সোহানের বিয়েতে।

এছাড়া তাইজুল ইসলাম নাটোর ও কামরুল ইসলাম রাব্বি বরিশালে ঈদ করবেন।