আন্দোলনেই যাচ্ছে ঐক্যফ্রন্ট

700

ঢাকা সংবাদদাতা: আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী অভিমুখে রোডমার্চ করবে জাতীয় ঐক্যফ্রন্ট বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে বেরিয়ে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংলাপ শেষে হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে সরকারের কাছে গেছি, সরকার বিষয়গুলো বিবেচনা করে দেখবে। যদি না মানে তাহলে আমাদের কর্মসূচি দেয়া আছে আমরা সেভাবেই আন্দোলন করব।

কী ধরনের আন্দোলন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) রাজশাহী অভিমুখে রোডমার্চ হবে, এবং পরেরদিন রাজশাহীতে জনসভা হবে।

তফসিল ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, তফসিল ঘোষণার বিষয়েও আমাদের কর্মসূচি দেয়া আছে। আমরা নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করব।

তিনি বলেন, সরকার যদি জনগণের এই দাবি না মানে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাব। এবং আমাদের দাবি আদায় করব।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা সংলাপে সরকারকে অনুরোধ করেছি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত যেন তফসিল ঘোষণা করা না হয়।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, সংলাপে আমরা খালেদা জিয়ার মুক্তির বিষয়টা জোর দিয়ে বলেছি, তাকে যেন মুক্তি দেয়া হয়।

এর আগে, গণভবন থেকে বেরিয়ে হতাশা প্রকাশ করে মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপেও কোনো ‘সমাধান’ হয়নি।

তিনি বলেন, আলোচনা মনঃপূত হয়নি। সংলাপে কোনো সমাধান আসেনি।

সংলাপে অংশ নিতে বেইলি রোডের বাসা থেকে বুধবার সাড়ে ১০টার পর গণভবনে পৌঁছান ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমদফায় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে কোনো সমাধান না হওয়ায় বুধবার দ্বিতীয়দফায় সংলাপে বসেন নেতারা।

এদিন সংলাপে অংশ নিতে বেইলি রোডের বাসা থেকে সকাল সাড়ে ১০টার পর গণভবনে পৌঁছান ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।

সংলাপে ১৪-দলীয় জোটের প্রতিনিধিদলে ছিলেন ১১ জন। তারা হলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

তাদের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ সদস্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম এবং সুলতান মোহাম্মদ মনসুর।