ঢাকা সংবাদদাতা: গুলশানের বাড়িটি ভেঙে রাজউক আদালতকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, ‘তারা কোন আইনের বলে আমার গুলশানের বাড়িটি ভাঙা শুরু করেছে? যদি তাদের কাছে এ বিষয়ে আদালতের কোনও কপি (নির্দেশনা) থাকে তবে সেটা তারা দেখাক। বাড়িটির বিষয়ে দুটি মামলা বিচারাধীন।’
সোমবার গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে নিজস্ব ফ্ল্যাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমেদ বলেন, ‘এ বাড়ি ভাঙতে আদালতের কোনও নির্দেশনা নেই। আইনের বিধান আছে, যদি কোনও স্থান কারও দখলে থাকে তাকে ৩০ দিনের নোটিশ দিতে হয়। কিন্তু তারা আমাকে কোনও নোটিশ দেননি।’
এ সময় তিনি বাড়িটি থেকে ৪৪ প্রকার মালামাল পাওয়া না যাওয়ার অভিযোগ করে বলেন, ‘বিরোধী দলের রাজনীতি করায় আমি সরকারের আক্রোশের শিকার।’















