ময়মনসিংহে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১

401

ঢাকা সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ আনোয়ার হোসেন (৩৫ ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। মঙ্গলবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের ইকোপার্ক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি শীর্ষ ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি-ছিনতাইসহ ১৬টির বেশি মামলা রয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মধ্যরাতে ৮/১০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে পুলিশের দুটি টিম উপজেলার কাচিঁনা ইউনিয়নে ইকোপার্ক এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে, ডাকাত দলের সদস্যরা গুলিবর্ষণ শুরু করে।

এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযানে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন, নবী হোসেন ও পুলিশ কনস্টেবল রাসেল আহত হয়েছেন বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। তাদেরকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশের দাবি, নিহত আনোয়ার হোসেন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ ১৬টির বেশি মামলা রয়েছে।

এদিকে অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৬টি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।