আন্তর্জাতিক ডেস্ক: ‘গণহত্যার উদ্দেশেই’ রাখাইন প্রদেশে পরিচালিত অভিযানে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণের মত ঘটনা ঘটিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী, এমনটাই মনে করছে জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।
আইন প্রয়োগের নামে ভয়ঙ্কর ওই অপরাধে সংশ্লিষ্টতার জন্য মিয়ানমারের সেনাপ্রধান এবং জ্যেষ্ঠ পাঁচ জেনারেলকে বিচারের মুখোমুখি করার সুপারিশ করেছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ওই প্রতিবেদনে রাখাইনের পাশাপাশি শান ও কাচিন অঞ্চলেও সেনাবাহিনীর বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকার বিদ্বেষমূলক প্রচারকে উসকে দিয়েছে, গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করেছে এবং সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে তাদের রিপোর্টে উল্লেখ করেছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।















