আগে নিজে বদলান, পরে দেশ বদলাবেন: ইমরান খানকে রেহাম

726

আন্তর্জাতিক ডেস্ক: দেশ বা সমাজ বদল করার আগে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানকে সৎ হওয়ার পরামর্শ দিয়েছেন তার সাবেক স্ত্রী রেহাম খান।

রবিবার লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত হয়েছে রেহাম খানের সাক্ষাৎকার। সেখানে এভাবেই ইমারানের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন এই নারী। তিনি ইমরান খানকে কটাক্ষ করে বলে বলেন, দেশ বদলানোর আগে তার উচিত নিজেকে বদলানো।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকা ইমরান খান। এরপর থেকেই দেশের উন্নতির জন্য নানা পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। দুর্নীতি আর অপচয় কমানোর জন্যও নিয়েছেন নতুন নতুন পদক্ষেপ। আর এসব পরিকল্পনা নিয়েই ইমরানকে কটাক্ষ করেছেন রেহাম।

ইমরানকে উদ্দেশ্য করে রেহাম বলেন, ‘আগে নিজেকে বদলান, পরে দেশ বদলাবেন। অন্যদের যা উপদেশ দিতে চান, তা আগে নিজে করে দেখান। আগে নিজে সৎ হন।’

২০১৫ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয়েছিল রেহাম খানের। মাত্র ১০ মাস পর সেই বিয়ে ভেঙে যায়। এজন্য ইমরান খানকেই দায়ী করেছেন রেহাম। পাকিস্তানে নির্বাচনের আগেই প্রকাশিত হয়েছে পেশায় সাংবাদিক রেহাম খানের নতুন বই। সেখানে অভিযোগ করে তিনি লিখেছেন, ‘ইমরান খান অসংযমী জীবনযাপনে অভ্যস্ত এবং নিয়মিত ড্রাগ সেবন করেন।’

তবে রেহামের আনা এসব অভিযোগ গত ২৫ জুলাইয়ের নির্বাচনে কোনোই প্রভাব ফেলেনি। যে কারণে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভত হয়েছে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দল এবং সরকার গঠন করেছে।

সূত্র: কলকাতা টুয়েন্টি ফোর