ট্রাম্পের নির্দেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পিয়ংইয়ং সফর বাতিল

560

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ায় নির্ধারিত সফরে যাচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আগামী সপ্তাহে তার দেশটিতে সফর করার কথা ছিল। এর আগে গত জুলাইয়ে সর্বশেষ পিয়ংইয়ং সফর করেছিলেন পম্পেও।

পিয়ংইয়ং’র পরমাণু কর্মসূচি বাতিলে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সফরের পরিকল্পনা স্থগিত করেন পম্পেও। শনিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে চীনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, পরমাণু কর্মসূচি ত্যাগে উত্তর কোরিয়াকে যথেষ্ট চাপ দিচ্ছে না বেইজিং সরকার।

যদিও গত জুনে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক করার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়া আর বিশ্বের জন্য পরমাণু হুমকি হবে না।

তবে এরপর বেশ কয়েকটি প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্পকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন কিম। তিনি তার পরমাণু কর্মসূচি বাতিলের জন্য তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেননি।

সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়া নতুন করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে।

এছাড়া পিয়ংইয়ং তার পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা আইএইএ।

সূত্র: বিবিসি