মধ্যরাতে বাসায় ফিরেছেন বিএনপি নেত্রী মাহমুদা হাবিবা ও তার স্বামী

716

ঢাকা সংবাদদাতা: নিখোঁজের ২৪ ঘণ্টা পর নিজের বাসায় ফিরলেন বিএনপির তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদ।

শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে মাহমুদা হাবিবা ও তার স্বামীর ফিরে আসার কথা নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

হাবিবার পরিবারকে উদ্ধৃত করে শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, শনিবার মধ্যরাতে মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদ বাসায় ফিরেছেন।

এর আগে বিএনপির তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। তবে উত্তরা মডেল থানার ডিউটি অফিসার এসআই সুজন ও র‌্যাব ৪ এর অপারেশন্স অফিসার এএসপি সাজিদুল ইসলাম বিষয় অবগত নন বলে জানান।

শনিবার দুপুরে মাহমুদা হাবিবার ছোটভাই আসিফ আবদুল্লাহ এ তথ্য জানান। আসিফ আরো জানান, তার বোন রাজনীতিতে যুক্ত থাকলেও ভগ্নিপতি কামাল আহমেদ রাজনীতি করেন না। তিনি গার্মেন্টস ব্যবসায়ী।

আসিফ আবদুল্লাহ জানান, শুক্রবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে সড়কপথে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তার বোন মাহমুদা হাবিবা ও তার ভগ্নিপতি কামাল আহমেদ। দুপুর দেড়টা পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ ছিল। এরপর থেকে তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, ‘শুক্রবার দিনগত রাত ১২টার দিকে আমরা জানতে পারি, মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদকে র‌্যাব-৪ এ আটক রাখা হয়েছে। যদিও ঘটনাস্থলে গেলে আমাদের কাছে তারা স্বীকার করেনি। এরপর আমার বড় ভাই উত্তরায় থানায় জিডি করতে গেলেও জিডি নেওয়া হয়নি।’

এ বিষয়ে র‌্যাব ৪ এর অপারেশন্স অফিসার এএসপি সাজিদুল ইসলাম বলেন, ‘আটকের বিষয়ে আমি এখনও কিছু জানি না।’

উত্তরা মডেল থানার ডিউটি অফিসার এসআই সুজন জানান, ‘এমন নামের কেউ আমাদের কাছে আটক বা গ্রেপ্তার নেই।’