আন্তর্জাতিক ডেস্ক: ইতালির বোলোগনা বিমানবন্দরে সোমবার ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬০ জনের বেশি মানুষ। এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক৷
বোলোগনা বিমানবন্দর সংলগ্ন সড়কে লরি ও ট্রাকের মধ্যকার সংঘর্ষ থেকে ওই বিষ্ফোরণের সূত্রপাত। একই দিনে অন্য এক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১২ অভিবাসী শ্রমিক।
ইতালির সংবাদ মাধ্যম জানাচ্ছে, বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি ব্রিজির ওপর গাড়ি বোঝাই একটি লরির সঙ্গে বিপরীতমুখী একটি তেলবাহী ট্রাকের সংঘর্ষের পর প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। এই আগুন ছড়িয়ে পড়ে ব্রিজের নিচের পার্কিং লটের অন্য গাড়িগুলোতেও। ভেঙে যায় ব্রিজের একাংশ। এই বিস্ফোরণে গোটা এলাকার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে।
সোমবার অন্য এক বিচ্ছিন্ন সড়ক দুর্ঘটনায় ইতালির পুগলিয়া এলাকায় ১২ অভিবাসী শ্রমিক নিহত হয়েছে। শ্রমিকদের বহনকারী ভ্যানের সঙ্গে এক লরির সংঘর্ষ থেকে ওই দুর্ঘটনা হয়।
সূত্র: এনডিটিভি















