অভিনেতা তানভীর তনু কারাগারে

1812

বিনোদন ডেস্ক: ধর্ষণের মামলায় গ্রেফতার অভিনেতা তানভীর তনুকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারি পুলিশের করা রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী সুপার মিরাশ উদ্দিন এ কথা জানিয়েছেন।

তনুর আইনজীবী সিদ্দিকুর রহমান জামিনের আবেদন করলে তাও নাকচ করেন বিচারক।

এক তরুণীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার দুপুরে রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় নিজের বাসা থেকে গ্রেফতার হন অভিনেতা তানভীর তনু।

পরে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ওই তরুণী।

মামলায় বলা হয়, গত ৬ মে বাসায় ডেকে এনে তাকে ধর্ষণ করেন তনু। ওই সময় তনুর এক বন্ধু ওই বাড়িতে ছিলেন।

মিরাশ উদ্দিন জানান, শনিবার রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোকাম্মেল হক আদালতে তনুকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।