ঢাকা সংবাদদাতা:‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।’-গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর এই বক্তব্যকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ধরে সাকা চৌধুরীর ভাই ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের আদালত।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন।
বাদী নাজিম উদ্দিনের আইনজীবী সমীর দাশগুপ্ত বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং তা গণমাধ্যমে প্রকাশের অভিযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আদালত মামলাটি গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানান আইনজীবী সমীর দাশগুপ্ত।
এদিকে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে অপর একটি মামলা করেছেন সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন রনির আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
তিনি বলেন, আদালত অভিযোগ গ্রহণ করে তা মামলা হিসেবে লিপিবদ্ধ করার জন্য নগরীর পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।
জানা যায়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৯ মে) চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।’
এদিকে, বৃহস্পতিবার সকালে এই মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ফটিকছড়ি উপজেলার বিএনপির নেতা মনছুর আলম চৌধুরী(৪৭) ও নুরুল ইসলাম মেম্বার (৬০)।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসাইন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তি মামলায় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।’















