খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

557

ঢাকা সংবাদদাতা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে হাতিরপুল এলাকায় পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।
হাতিরপুল এলাকার পুরাতন মাই টিভি ভবনের সামনে থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ইস্টার্ন প্লাজার সামনের সড়ক হয়ে হাতিরপুল কাঁচা বাজারের কাছে গিয়ে শেষ হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। মিছিলে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এই কর্মসূচি পালন করার কথা ছিল রাজধানীর মগবাজার চৌরাস্তায় । কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার কারণে স্থান পরিবর্তন করে বাংলামোটরে নিয়ে যাওয়া হয়। সেখানেও পরিস্থিতি অনুকূলে না থাকায় হাতিরপুল এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি এজমল হোসেন পাইলট, আবু আতিক আল হাসান মিন্টু, মামুন বিল্লাহ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান সোহাগ, ক্রীড়া সম্পাদক সৈয়দ মাহমুদ, বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক কাজী রওনকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, নাসিমা আক্তার কেয়া, সহ সাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান কেয়া প্রমুখ।