চীনে ড্রাগন নৌকা ডুবে নিহত ১৭

808

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড স্রোতে দুটি ড্রাগন নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। শনিবার নৌকাবাইচের প্র্যাকটিসের সময় লম্বা ও সরু দাঁড়টানা একটি ড্রাগন নৌকা উল্টে যায়। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ওই নৌকার বৈঠয়ালদের উদ্ধারে গিয়ে আরও একটি ড্রাগন নৌকাও ডুবে গেছে। খবর বিবিসির।

তবে কী কারণে ওই নৌকা দুটি ডুবে গেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবরে জানা গেছে, গুইলিন শহরে তাউহুয়া নদীর মধ্যে প্রায় ৬০ জন পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধারে অভিযান শুরু করে কর্তৃপক্ষ। ৪০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন তারা।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানাচ্ছে, নৌকাডুবির ঘটনায় প্রায় ২০০ উদ্ধারকর্মী অংশ নেয়। সিসিটিভি জানিয়েছে, তাউহুয়া নদীর দুটি ধারার সংযোগস্থলে শক্তিশালী স্রোতে এই দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই নৌকা দুটিতে থাকা ব্যক্তিদের অধিকাংশই লাইফ জ্যাকেট পরিহিত ছিল না।

এদিকে আগে থেকে না জানিয়ে প্র্যাকটিস সেশন আয়োজনের ঘটনায় পুলিশ দুইজন আয়োজককে আটক করেছে।

এশিয়ার বিভিন্ন অংশে ড্রাগন নৌকাবাইচ বেশ জনপ্রিয়। আর চীনে ঐতিহ্যবাহী ড্রাগন নৌকা উৎসবের দিন সেখানে ছুটি থাকে। এসময় দেশজুড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।