ঢাকা সংবাদাদতা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন। মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগপত্র জমা দেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে। ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, আরাস্তু খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
এর আগে গত বছরের ৫ জানুয়ারি আরাস্তু খানকে ইসলামী ব্যাংককের চেয়ারম্যান পদে নির্বাচন করা হয়। সেসময় ভাইস চেয়ারম্যান হিসাবে অধ্যাপক সৈয়দ আহসানুল আলম এবং এমডি হিসাবে নিয়োগ দেয়া হয় মো. আব্দুল হামিদ মিঞাকে।
এদিকে ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে চেয়ারম্যান আরাস্তু খানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির শীর্ষ ৫ জন কর্মকর্তাকে অপসারণ করা হয়। যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সবাই পদত্যাগ করেছেন।
প্রসঙ্গত, গত বছরের শুরুতে ইসলামী ব্যাংকে ব্যাপক পরিবর্তন আসে। সে সময় কোন রকম আগাম ঘোষণা ছাড়াই অপসারণ করা হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নানকে।















