ঢাবি প্রতিনিধি: কোটাপ্রথা বাতিলের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দিয়েছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে বলেও জানা গেছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে এ উপাধি দেন আন্দোলনের নেতারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে কোটা পদ্ধতিই বাতিল করার ঘোষণা দেওয়ার পর নিজেদের অবস্থান জানাতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় নেন শিক্ষার্থীরা। এরপর এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
হাসান আল মামুন বলেন, প্রধানমন্ত্রীর সরকারি চাকরিতে কোটা না রাখার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। এজন্য আমরা কোটা সংস্কার আন্দোলন স্থগিত ঘোষণা করলাম। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারী কোন শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয়, তার ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে।
সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রীর কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের জন্য তাকে ‘মাদার অব এডুকেশন’ উপাধি দেয়া হয়।
এর আগে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়া বৃহস্পতিবার সকালেই জানান, কোটা বাতিল করার ঘোষনায় তারা খুশি। আজ আরও পরের দিকে তারা এ নিয়ে আনন্দ মিছিল করবেন এবং প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। একই সঙ্গে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।















