টিএসসিতে মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা দাহ

709

ঢাবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে দেখে নেয়ার হুমকি দেয়ায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পদত্যাগ দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেছে আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১০এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় কৃষিমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্লোগানে স্লোগানে মূখর হয়ে উঠে পুরো টিএসসি এলাকা।

এর আগে সোমবার বিকেল পৌনে ৬টায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ ঘোষণা দেয়ায় মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার দাবিতে এবং আগামী কর্মসূচি ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন থেকে কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবরোধের ঘোষণা আসে। এর পরপরই শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যে বিভিন্ন দিক থেকে মিছিল সহকারে জড়ো হতে থাকে। এসময় তারা কৃষিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে নানা স্লোগান দিতে থাকে। সেখানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে রাত ৮টার দিকে তারা মতিয়া চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে।