ঢাকা সংবাদদাতা: দুই বাসের রেষারেষিতে ডান হাত হারানো রাজীব হোসেনের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। ফলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীন আজ সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এর আগে ভোর ৪টা থেকে রাজীবের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
ঢামেকের চিকিৎসক শামসুজ্জামান শাহীন জানান, মাথায় আঘাতের কারণে নিউরোলজিক্যাল অবস্থার অবনতি হওয়ায় ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
অথচ গত সোমবারই তিনি জানিয়েছিল যে, রাজীবের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসক শামসুজ্জামান শাহীন বলেছিলেন, রাজীবের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার যোগাযোগের মাত্রা বেড়েছে। কথা বললে আগের চেয়ে বেশি সাড়া দিচ্ছেন। তার মাথার আঘাতের সর্বশেষ অবস্থা জানতে আবারও সিটি স্ক্যান করা হয়েছে।
তবে তার খালা খাদিজা বলেছিলেন, রাজীব এখনও কিছুই খাচ্ছে না। আইসিইউতে নেয়ার পর থেকে বারবার স্যুপ ও খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। প্রথম দিন অল্প খেয়েছিল। কিন্তু এরপর আর কিছুই মুখে দিচ্ছে না।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল বেলা দেড়টার দিকে রাজধানীর বাংলামোটরের দিক থেকে ফার্মগেটমুখী একটি দ্বিতল বিআরটিসি বাস সার্ক ফোয়ারার কাছে পান্থকুঞ্জের পাশে সিগনালে থেমে ছিল। পরে একই দিক থেকে আসা স্বজন পরিবহন নামের একটি বাস দ্রুতগতিতে এসে দোতলা বাসের পাশের ফাঁক দিয়ে ঢুকে সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় যাত্রী রাজিব হাসানের ডান হাত দ্বিতল বাসের সাথে লেগে বিচ্ছিন্ন হয়ে যায় এবং হাতটি দ্বিতল বাসের সাথে লেগে ঝুলছিল। পরে তাৎক্ষণিকভাবে রাজিবকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি তাকে সরকারি চাকরি দেয়ারও আশ্বাস দিয়েছিলেন।















