খোঁজ মিলল এক প্রাণ সঞ্চারের গ্রহ

511

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক বছরে বেশ কিছু নতুন গ্রহের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তাদের মধ্যে কোনওটাতে পাওয়া গিয়েছে অক্সিজেন, কোথাও রয়েছে বরফের আস্তরণ। কিন্তু প্রাণের সঞ্চার এখনও পাওয়া যায়নি কোনও গ্রহেই।

সম্প্রতি, আরও এক গ্রহের সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। সংবাদমাধ্যম ‘সাইটেকডেইলি.কম’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের অ্যাক্স-মারসেইল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকরাই রয়েছেন এই আবিষ্কারের মূলে।

নতুন গ্রহটির নাম দেওয়া হয়েছে ‘কে২-২২৯বি’। পৃথিবীর আকারের থেকে প্রায় ২০ শতাংশ বড় এই গ্রহটি। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহটি তার নিজের সূর্যকে প্রদক্ষিণ করে প্রতি ১৪ ঘণ্টায়। এবং দিনের বেলায় তার তাপমাত্রা উঠে যায় ২০০০ ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি।

আমাদের পরিচিত সৌর মণ্ডলে, সূর্যের সব থেকে কাছের গ্রহ হল বুধ। নতুন গ্রহটিও তার সূর্যের সব থেকে কাছের। গবেষকরা জানিয়েছেন যে, বুধ ও এই নতুন গ্রহের ঘনত্ব একেবারেই এক। মহাকাশ বিজ্ঞানের ‘ওব্বেল মেথড’-এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।

গবেষকরা মনে করছেন, চাঁদ যে ভাবে সৃষ্টি হয়েছিল, হয়তো একই উপায়ে জন্ম হয়েছিল এই গ্রহের। প্রসঙ্গত, নতুন গ্রহের সৌর জগতে এখনও পর্যন্ত তিনটি গ্রহ আবিষ্কৃত হয়েছে।