নিউজিল্যান্ডের পেসারদের কাছে অসহায় ইংল্যান্ড

619

ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় টেস্টের শুরুটাও ভালো হল না ইংল্যান্ডের। সেটা অবশ্য হতে দেননি নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। প্রথম দিনে ২৩ ওভার বল করে ৬ মেডেনসহ ৬০ রান দিয়ে পাঁচ-পাঁচটি উইকেট তুলে নিয়েছেন সাউদি। এটা তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম পাঁচ উইকেট শিকার। ইংল্যান্ডের অপর ৩টি উইকেট নিয়েছেন বোল্ট।

বোলারদের দাপটের দিনে ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ১৫৪ বল খেলে ১১টি চার ও ১ ছক্কায় ৯৭ রানে অপরাজিত আছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে বেয়ারস্টো। আগামীকাল দ্বিতীয় দিনে বেয়ারস্টো ও জ্যাক লিচ (১০) ব্যাট করতে নামবেন। দিনশেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৯০ রান।

বেয়ারস্টো ছাড়াও অর্ধশত রানের দেখা পেয়েছেন মার্ক উড। ৬২ বল খেলে ৭টি চার ও ১ ছক্কায় ৫২ রান করেছেন তিনি। এ ছাড়া অধিনায়ক জো রুট ৩৭, মার্ক স্টোনম্যান ৩৫ ও বেন স্টোকস ২৫টি রান করেছেন।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। প্রথম ইনিংসের ধ্বস আর পুষিয়ে উঠতে পারেনি তারা। শেষ পর্যন্ত হার মেনেছে ইনিংস ও ৪৯ রানে।

দুই ম্যাচ টেস্ট সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।