সিলেট সংবাদদাতা: টানা বৃষ্টিতে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুর পর্যন্ত হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নদীর উজানে ভারত থেকে নেমে আসা ঢলে শনিবার সন্ধ্যা থেকে খোয়াই নদীর পানি বাল্লা সীমান্তে বাংলাদেশ অংশে বাড়তে শুরু করে। সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপরে উঠতে শুরু করে। সোমবার বিকাল পর্যন্ত ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম জানান, টানা বৃষ্টির ফলে নদীর ভারত অংশ থেকে হঠাৎ পানি বাড়তে শুরু করে। তাই খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করবে।















