ঢাকা সংবাদদাতা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে দলটির মানববন্ধন কর্মসূচিতে লাঠিপেটা করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ তিনজন আহত হয়েছেন।
লাঠিপেটায় বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নেয়। প্রতিবাদ করলে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয় পুলিশ।
বিএনপি নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধন চলাকালে পুলিশ পিকআপ নিয়ে সামনে এসে দাঁড়ায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বক্তব্য শুরু করলে পুলিশ এসে ব্যানার কেড়ে নেয়। এতে বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিপেটা করে পুলিশ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, আওয়ামী লীগ পুলিশ দিয়ে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। খালেদা জিয়াকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে পুলিশের লাঠিপেটার তীব্র নিন্দা জানান বিএনপি নেতারা।
ঝালকাঠি থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, শহরের পরিবেশ শান্ত রাখার জন্য এবং আইনশৃঙ্খলা স্বভাবিক রাখতে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।















