ঢাকা সংবাদদাতা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদ- হওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। বেলা আড়াইটার দিকে রায় ঘোষণার পর বেলা তিনটার দিকে খালেদা জিয়াকে কড়া পুলিশ পাহারায় কারাগারে নেয়া হয়।
আজ বৃহস্পতিবার রাজধানীর বকশি বাজারে আলীয়া মাদ্রাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতে বিচারক ড. আখতারুজ্জামান মামলার রায় ঘোষণা করেন।
কারাগার ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারাগারের চারদিকে আইন শৃঙ্খলাবাহিনী টহল ও অবস্থান জোরদার করা হয়েছে।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর সাজা ঘোষণার পর দলটির পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল জুমার নামাজের পর জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি। পরদিন শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ। আজ বৃহস্পতিবার ৩টা ৫০ মিনিটে নয়াপল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় তিনি আরো বলেন, এই রায় দেশের রাজনৈতিক সঙ্কট আরো ঘনীভূত করবে। দেশের মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা কমে যাবে।















