এবার শিক্ষামন্ত্রীর পিওসহ ৩জনের নামে মামলা

477

ঢাকা সংবাদদাতা: ঘুষ লেনদের অভিযোগে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়েছে। ১৬১, ১৬২, ১৬৫ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

বনানী থানার ওসি ফরমান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে মইনুল ইসলাম মীরা নামের এক ব্যক্তি মামলাটি করেন। মামলার অপর আসামি হলেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন।

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব মোহাম্মদপুরের বছিলা থেকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন গুলশান থেকে নিখোঁজ হন। পরে তাদের পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ওই তিনজনের গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করা হয়। তবে তাদের কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি ডিএমপি।

তবে সোমবার দুপুরে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ নিখোঁজ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন তদন্ত চলছে, পুলিশ কাজ করছে। দু-একদিনের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।