আফ্রিকার দেশগুলোকে নোংরা স্থান মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেও, নিজেকে জাতিবিদ্বেষী বলতে নারাজ ডোনাল্ড ট্রাম্প।
রবিবার রাতে, ওয়েস্ট পাম বীচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, “না না, আমি জাতিবিদ্বেষী নই। বরং, এ যাবতকালে আপনারা যতজনের সাক্ষাতকার নিয়েছেন, তাদের মধ্যে আমিই সবচেয়ে কম জাতিবিদ্বেষী।”
এসময়, শিশু বয়সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের রক্ষায় চুক্তি করতে তিনি প্রস্তুত বলেও দাবি করেন ট্রাম্প। জাতিবিদ্বেষী অভিযোগ নিয়ে এবারই প্রথম সরাসরি মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট।
গত সপ্তাহে, ওভাল অফিসে রিপাবলিকান ও ডেমোক্রেট রাজনীতিবদিদের সাথে এক বৈঠকে অভিবাসন নীতি সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প প্রশ্ন করেন, নোংরা দেশগুলো থেকে এত মানুষকে কেন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হচ্ছে। এ মন্তব্যের জন্য ট্রাম্পকে ক্ষমা চাইতে বলেছে আফ্রিকান ইউনিয়ন।















