দিল্লির মাওলানা সাদ কান্ধলভীকে ঘিরে শহরজুড়ে উত্তেজনা কেবল বাড়ছেই। সে সঙ্গে আক্রোশ তো থাকছেই। গতকাল থেকেই রাজধানীতে সাদের বিশ্ব ইজতেমায় অংশ নেয়াকে কেন্দ্র করে তাবলীগ জামাতের একাংশ ও আলেমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। আজ সকাল থেকে রাজধানীর প্রেসক্লাব এবং পরবর্তী সময়ে বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ করে তারা।
এসময় সাদকে অবাঞ্চিত ঘোষণা করে তাবলীগ জামাতের একাংশ ও আলেমরা। আজ বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে সাদ বিরোধীদের সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।
এর আগে দুপুর ১২টা থেকে সা’দ বিরোধীরা বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে শুরু করেন। সমাবেশে অংশ নেন কওমীপন্থী আলেম ও তাবলিগ জামাতের একাংশ।
সমাবেশে কওমী আলেম ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, মাওলানা সা’দ থাকলে কেউ ইজতেমায় অংশ নেবেন না। ইজতেমায় সা’দকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। ইজতেমাকে নিয়ে কোনও ষড়যন্ত্র হতে দেয়া হবে না।















